মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে পৃথক তিনটি হাউজিং কোম্পানির অবৈধ বিলবোর্ড অপসারন করেছে প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারীর নেতৃত্বে এ অভিযান চালায়।
এসময় উপজেলার রশুনিয়া ও বাসাইল গ্রামের অ্যাসেন্ড, মাতৃভূমি ও স্বর্ণভূমি হাউজিং কোম্পানির বিলবোর্ড অপসারণ করেন।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কামাল হোসেনসহ রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে অনুমোদন ছাড়াই হাউজিং কোম্পানিগুলো অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে। ওই সব বিলবোর্ড অপসারণ করা হয়েছে। একইসঙ্গে হাউজিং কোম্পানিগুলোর কাছ থেকে টাকার বিনিময়ে ফসলি জমিতে বিলবোর্ড স্থাপন করতে না দেওয়ার জন্য জমির মালিকদের নিরুৎসাহিত করা হয়।
