সাধারণ পানিকে ব্যাটারির পানি হিসেবে বিক্রি করায় কারাদণ্ড

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:৪৬ এএম

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে সাধারণ পানি বোতলজাত করে ব্যাটারির পানি বলে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের রয়েল ব্যাটারি ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।  

এ সময় কারখানার ব্যবস্থাপক নেওয়াজ শরীফ মিন্টুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। অভিযুক্ত নেওয়াজ শরীফ মিন্টু আবদার গ্রামের জহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

আদালত সূত্র জানায়, বিএসটিআই’র অনুমতি ছাড়া ওই ব্যক্তি কারখানা পরিচালনা করছিলেন। তারা সেখানে সাধারণ পানিকে (টেপের সাদা পানি) বোতলজাত করে সেটি ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে ব্যবহারের জন্য কারখানা চালু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ব্যাটারি পানি উৎপাদন করতে দেখা যায়। পরে কারখানা কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কতৃপক্ষকে শাস্তি দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এ অবৈধ কাজের সন্ধান মিলে। অপরাধ দমনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত