সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একই চিত্র—হারের বৃত্ত ভাঙতে পারল না বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতো রবিবারও ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে সাবিনারা। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের একমাত্র গোলটি এসেছে অধিনায়ক আফঈদা খন্দকারের পেনাল্টি থেকে।
শক্তিমত্তার বিচারে আমিরাতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তার ওপর দলের মূল শক্তি হিসেবে পরিচিত আটজন অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই সফরে যেতে হয়েছে। ফলে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একপ্রকার জরুরি ভিত্তিতে স্কোয়াড গঠন করেছেন কোচ পিটার বাটলার।
প্রথম ম্যাচের পর অভিজ্ঞতা ও বাস্তবতার পার্থক্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ইংলিশ কোচ। রবিবারের ম্যাচও সেই ব্যবধানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রথমার্ধে সুলতানা-শাহিদারা কার্যত প্রতিরোধ গড়তেই পারেননি। ৪ ডিফেন্ডার নিয়ে খেলার পরিকল্পনা করলেও প্রথমার্ধে ২ গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।
বিরতির পর আরও এক গোল হজম করে বাংলাদেশ। তবে দলের একমাত্র সান্ত্বনার গোলটি আসে অধিনায়ক আফঈদার পা থেকে, সেটিও পেনাল্টি স্পট থেকে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলকে গোল উপহার দিয়েছেন তিনি।
এই সফরে দুই ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছে বাংলাদেশ, দুটি গোলই এসেছে স্পট কিক থেকে এবং দুবারই গোলদাতা আফঈদা খন্দকার। তবে তার এই পারফরম্যান্সও বাংলাদেশকে পরাজয়ের তিক্ত স্বাদ থেকে বাঁচাতে পারেনি।
আজই দেশে ফিরবে বাংলাদেশ দল, সঙ্গে থাকবে দুই ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা এবং নারী ফুটবলে সংকট কাটিয়ে ওঠার আরও এক চ্যালেঞ্জ।
