জার্মানিতে মানুষের ভিড়ে গাড়ি ঢুকে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার পশ্চিম জার্মানির ম্যানহেইম শহরের একটি ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
মানহাইম পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেলম সিএনএনকে জানিয়েছেন, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরে উচ্চ সতর্কতা জারি করে অভিযান চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহাইমে একটি গাড়ি লোকজনের ভিড়ের মধ্যে উঠিয়ে দিলে কমপক্ষে দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ম্যানহেইমার মরজেন (এমএম) জানিয়েছে, প্রায় তিন লাখ লোকের শহরের প্রধান শপিং স্ট্রিট এলাকায় একটি কালো এসইউভি প্রচণ্ড গতিতে লোকজনকে চাপা দেয়।
পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেলম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, অন্য কোনো সন্দেহভাজন জড়িত কিনা তা স্পষ্ট নয়।
ম্যানহেইম২৪ নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, গাড়িটি কেন্দ্রস্থলে অবস্থিত প্যারাডেপ্লাটজ স্কয়ার থেকে শহরের ল্যান্ডমার্ক ওয়াটার টাওয়ারের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
জানা গেছে, কার্নিভাল মৌসুম উপলক্ষে জার্মানির রাইনল্যান্ডসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শহরে কুচকাওয়াজের জন্য জড়ো হওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।
পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেলম বলেছেন, জরুরি অবস্থার কারণে বড় আকারের পুলিশি তৎপরতা শুরু হওয়ার পর বাসিন্দাদের ‘শহরের ভেতরের এলাকা এড়িয়ে চলার’ আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে মিউনিখে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল, যাতে দুই ডজন লোক আহত হয়। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফগান আশ্রয়প্রার্থী ফারহাদ নুরিকে গ্রেপ্তার করা হয়েছিল।
