মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম

রাজনৈতিক অস্থিরতার কারণে গেল বছরের শেষদিকে স্থগিত হয়েছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে সেই সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দুই দেশের বোর্ডের মধ্যে এ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সফরকারী প্রতিনিধিদের স্টেডিয়ামের বিভিন্ন সুবিধাসমূহ ঘুরিয়ে দেখান।

গত বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়।

এবার নতুন করে কবে নাগাদ সিরিজটি আয়োজিত হবে, তা এখনো নিশ্চিত নয়।

তবে সম্ভাবনা রয়েছে, আসন্ন মে মাসেই বাংলাদেশ সফরে আসতে পারে নিউজিল্যান্ড ‘এ’ দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সফরে থাকবে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে। দুই বোর্ডের আলোচনা শেষ হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত