ভারতের মুখোমুখি হলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন ট্রাভিস হেড। সেই ২০২৩ বিশ্বকাপ থেকে শুরু, তারপর হেড মানেই যেন ভারতের মাথাব্যথার কারণ। আজ মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। তবে তিনি বেশিদূর যেতে পারেননি। আগেভাগেই ফিরতে হয়েছে প্যাভিলিয়নে।
কুপার কনোলিকে (০) ফিরিয়ে শুরুতেই ব্রেক থ্রু দিয়েছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর ৫০ রানের জুটি গড়েন ট্রাভিস হেড আর অধিনায়ক স্টিভেন স্মিথ। সদ্যই হাত খুলছিলেন হেড, তখনই আবির্ভাব বরুণ চক্রবর্তীর। এই রহস্য স্পিনারের প্রথম বলেই লং অফে শুবমান গিলের তালুবন্দি হন ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৩৯ রান করা হেড। ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারানোর পথে ১৬৩ রান করেন হেড। সেই থেকে শুরু। এরপর একই বছর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেড করেন ১৩৭ রান। আবারও ফাইনাল হারে ভারত। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারত জিতলেও হেড করেন ৪৩ বলে ৭৬ রান। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৯ ইনিংসে ৫৬ গড়ে, দুই সেঞ্চুরি আর এক ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ৪৪৮ রান করেছিলেন হেড! অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে।
‘সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট, আমাকে খুব ভালোবাসে’
গাজীকে হারিয়ে উড়ন্ত সূচনা রূপগঞ্জের