ভারতের কাছে সেমিফাইনালে হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘটেছে অস্ট্রেলিয়ার। আয়োজক দেশ পাকিস্তান তো গ্রুপ পর্বই পেরোতে পারেনি। তার চেয়েও বড় কথা, ভারত ফাইনালে ওঠায় আয়োজক হয়েও শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করতে পারছে না পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা তাই হতাশা প্রকাশ করছেন।
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তিতে সব ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে পারছে না। এমনকী টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে। কারণ, ভারত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে খেলবে না। দল হিসেবেও চরম ব্যর্থ পাকিস্তান। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতেই তারা হেরেছে, একটি হয়েছে পরিত্যক্ত। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
অস্ট্রেলিয়া গতকাল জিতলে হয়তো ফাইনালটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারত। কিন্তু সেটা হয়নি। এসব কারণেই চরম হতাশ পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনাল আয়োজন করতে পারল না! চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেল গাদ্দাফি স্টেডিয়াম।’
আরেকজন লিখেছেন, ‘পাকিস্তান এমন একটা দেশ, যারা চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে এমনকী আয়োজক হয়েও ফাইনাল আয়োজন করতে পারছে না!’ আরেকজন খোঁচা দিয়ে লিখেছেন, ‘যাক, এখন তো আর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হচ্ছে না। অস্ট্রেলিয়াকে সমর্থন দেওয়া পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের জন্য সমবেদনা।’
কেউ কেউ আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সরাসরি দায়ী করেছেন দলের ব্যর্থতার জন্য, ‘আর কত ডোবানোর পর বোর্ডের হুঁশ ফিরবে?' আরেকজন লিখেছেন, 'দয়া করে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখুন। আমাদের ক্রিকেটাররা অতটাও খারাপ পারফর্মার নয়।’ অবশ্য পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার কয়েকদিন আগেই বিদ্রূপ করে বলেছিলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একজন বিদেশি চেয়ারম্যান আনা দরকার।’
৮৪ রানে ৫৬ সিঙ্গেল; কিং কোহলির মাস্টারক্লাস
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর ঘোষণা
রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’
রান তাড়ায় বিরাট কোহলিই ইতিহাসের সেরা: স্টিভেন স্মিথ