ঢাকায় হোটেলে আগুন: নিহত এমদাদ সাগর স্বেচ্ছাসেবক লীগ নেতা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম

ঢাকার গুলশান শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনে নিহত চারজনের মধ্যে একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে। নিহতের নাম এমদাদ সাগর (৩৩)। তিনি ইউনিয়নের খাদুরাইল গ্রামের মৃত জারু মিয়ার ছোট ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি

ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী। তিনি বলেন, গুলশান থানা থেকে পাসপোর্টের ছবি পাঠানোর পর সাগরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি ওসি।

সাগরের মামাতো ভাই লিটন মুন্সি বলেন, এক মাস আগে সাগর মালয়েশিয়ায় যান। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে ২ মার্চ দেশে ফিরে সৌদিয়া হোটেলে ওঠেন। পরদিন হোটেলে আগুন লাগলে আহতাবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার গুলশান থানা থেকে সাগরের মৃত্যুর বিষয়টি জানানো হয়। বাড়ির কেউ জানত না সাগর হাসপাতালে ছিল। পুলিশ জানানোর পর তারা মৃত্যুর খবর পেয়েছেন।

গুলশান থানার এসআই মো. জাহিদ জানান, ঘটনার দিন নিহত সাগরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হোটেলে ব্যাগ থেকে পাওয়া পাসপোর্ট দেখে পরিচয় শনাক্ত করা হয়। এর আগে সোমবার বেলা সোয়া ১২টার দিকে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত