তরমুজ ব্যবসায়ীকে পেটানো সেই ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিনা টাকায় তরমুজ না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় সেই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ঘটনার তিনদিন পর দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হলো। 

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের আগে তরমুজ নিতে চাইলে না দেওয়ায় তরমুজ ব্যবসায়ীকে মারধর করে ছাত্রদল নেতা। বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে এ ঘটনা ঘটেছিল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম রমিজ উদ্দীন সৈকত। তিনি গাজীপুরে জেলা ছাত্রদলের সাবেক কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মারধরের শিকার ফল ব্যবসায়ীর নাম এনামুল হক মুনসি। তিনি সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার ইফতারের কিছু সময় আগে ছাত্রদল নেতা রমিজ উদ্দীন সৈকত ও তার সাঙ্গপাঙ্গরা রেললাইন লাগুয়া বাজারের ফল ব্যবসায়ী এনামুল এক মুনসির দোকানে এসে তরমুজ কেনা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক সময় ফল ব্যবসায়ীকে কিল-ঘুষি মারতে থাকেন।

তারা বলেন, বিনাপয়সায় তরমুজ না দেওয়ায় মারধরে শিকার হন এনামুল মুনসি। পরে মারধরের প্রতিবাদ করে বাজারের অন্য ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এরপর ছাত্রদল নেতা সৈকত দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত মোড়ল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে সৈকতকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  আমাদের স্পষ্ট কথা ও দলীয়ভাবে নির্দেশনা কোনো সন্ত্রাসী অস্ত্রবাজ দলীয় পরিচয়ে থাকতে পারবে না। তার পরিচয় সে সন্ত্রাসী সে অপরাধী। দল এমন ব্যাপারে জিরো টলারেন্স। কোনো চিহ্নিত অপরাধী জাতীয়তাবাদী আর্দশের সৈনিক হতে পারে না। যে কারও অপরাধে দেশের প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত