ফাইনালের আগে ম্যাট হেনরির চোট নিয়ে শঙ্কায় নিউজিল্যান্ড

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিউজিল্যান্ড শিবিরে দুশ্চিন্তার নাম পেসার ম্যাট হেনরি। দলের প্রধান স্ট্রাইক বোলার চোটের কারণে অনিশ্চিত থাকলেও, কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, 'আমরা তাকে খেলার সর্বোচ্চ সুযোগ দেব।'

বয়স ৩৩ হলেও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ফর্মে আছেন হেনরি। এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের শীর্ষ বোলার। কিন্তু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে চোট পান তিনি।

যদিও চোট পাওয়ার পর কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন, কিন্তু পরে ফিরে এসে আরও দুই ওভার বোলিং করেন। তবুও তার সুস্থতা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নয় দল। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, 'এখনো বিষয়টি অনিশ্চিত। তিনি বেশ ব্যথা অনুভব করছেন, তবে আমরা আশাবাদী।'

যদি হেনরি ফিট না হন, তাহলে তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন পেসার জ্যাকব ডাফি অথবা অলরাউন্ডার নাথান স্মিথ। তবে হেনরির মতো ধারাবাহিক পারফরম্যান্স করা সহজ হবে না কারও জন্যই।

সেমিফাইনালের জন্য পাকিস্তানের লাহোরে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে বৃহস্পতিবারই তারা আবার দুবাইয়ে ফিরেছে। আগের ম্যাচে ভারত তাদেরকে ৪৪ রানে হারিয়েছিল এই ভেন্যুতেই।

বিশ্বকাপে স্বাগতিক পাকিস্তানে না খেলার সিদ্ধান্তে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচই খেলেছে দুবাইয়ে। ফাইনালও হচ্ছে সেখানেই। এই বাড়তি সুবিধা নিয়ে সমালোচনা থাকলেও, নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বিষয়টি নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না।

'এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি এসব বিষয়ে ভাবি না,' বলেন স্টেড। এখন দেখার বিষয়, হেনরি ফাইনালের আগে সুস্থ হতে পারেন কি না, নাকি নিউজিল্যান্ডকে বিকল্প কোনো বোলারের ওপর ভরসা রাখতে হবে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত