ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার আগে রাজধানীবাসীকে নিজ দায়িত্বে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর অনেকে নিকটাত্মীয়ের সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন। আপনারা যখন বাড়ি যাবেন, তখন নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও তাদের দেওয়া হবে।
ঢাকা এখন যেসব অপরাধ ঘটছে সেগুলোকে ‘স্ট্রিট পেটি ক্রাইম’ আখ্যা দিয়ে শেখ সাজ্জাত আলী বলেন, ইদানীং কিছু স্ট্রিট অপরাধ হচ্ছে। ৮০-৯০ ভাগ ক্ষেত্রে সেটি করে উঠতি বয়সের ছেলেরা। আমরা যাদের কিশোর গ্যাং বলি। বাস, প্রাইভেটকার মোটরবাইকের যাত্রী হয়তো মনোনিবেশ করেন কথায়। তখন পেছন থেকে এসে মোবাইলটা টান দিয়ে দৌড় দেয়। এমন কিছু স্ট্রিট ক্রাইম হচ্ছে।
পৃথিবীর অন্যান্য বড় শহরের তুলনায় ঢাকায় বড় ধরনের অপরাধ তুলনায় খুবই কম দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে নানা সমস্যা আছে। ইদানীং ঢাকা মহানগরীতে খুন, ডাকাতির মতো অপরাধের সংখ্যা খুবই কম। বিগত বছরের পরিসংখ্যান দেখলে অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধের চিত্রের সঙ্গে তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে, ঢাকা শহরের অপরাধের চিত্র কম।
