৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্ব জুড়ে উদ্যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্যাপিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস আগে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন করে থাকেন। বিশে^র একেক প্রান্তে নারী দিবস উদ্যাপনের প্রধান লক্ষ্য একেক প্রকার হয়।
কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব পায়।
নারী দিবস উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নারীদের সম্মানে একটি বিশেষ দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটিতে শুধু নারীদেরই প্রাধান্য দেওয়া হয়। আর এটাকে নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি বলেই মনে করেন তিনি।
অপু বলেন, আজ নারীদের অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা। আমি মনে করি, প্রতিদিন সকালটা শুরু হয় নারীদের হাত থেকে। ঘুম থেকে উঠেই সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। বর্তমানে নারীরা অনেক বেশি এগিয়ে গেছেন।
সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পেছনে একজন নারী থাকেন, আবার একজন মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন। কিন্তু আমার জীবনের অনুপ্রেরণা আমার মা। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়। আমার ক্ষেত্রেও তাই। আর এই এগিয়ে চলার পথটা একাই হাঁটতে হয় প্রত্যেকটা নারীকে। উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো অনেকেই স্বল্প সময়ের জন্য বাড়ায়। কিন্তু যুদ্ধটা তাকে একাই করতে হয়। নারীদের জন্য রইল শুভকামনা।
