জঙ্গি হামলার আশঙ্কা

‘সাবধান, ভারত-পাকিস্তান সীমান্তে যাবেন না’

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:১৩ এএম

মার্কিন নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র হামলার আশঙ্কায় সীমান্ত অঞ্চলে যাত্রা করা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই মর্মে মার্কিনিদের জন্য জারি করা হয়েছে অ্যাডভাইসরিও। খবর: আনন্দবাজার।

গত শুক্রবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি করা অ্যাডভাইসারিতে বলা করা হয়েছে, ‘সশস্ত্র জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। ফলে পাকিস্তানে যাত্রা করার আগে ভাবনাচিন্তা করুন।’ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখওয়া অঞ্চলের নাম। একইসঙ্গে অ্যাডভাইসরিতে সতর্কবাণী দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় যাত্রা নিয়েও।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে হামলার পরিকল্পনা করেই চলেছে। বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকায় ঘন ঘন সন্ত্রাসবাদী হামলা হয়। বহু মানুষ মারা যান। নিস্তার পান না সেখানকার স্থানীয় বাসিন্দারাও। এই ধরনের হামলাগুলি যখন তখন হতে পারে, কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই। পাকিস্তানের দোকান, বাজার, স্কুল, কলেজ, শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল এমনকি ধর্মীয় স্থানগুলিতেও সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকে। অতীতে এই জঙ্গিরা আমেরিকান নাগরিক, কূটনীতিকদের একাধিক বার ‘টার্গেট’ করেছিল।’

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে আমেরিকার ওই বিবৃতিতে। বলা হয়েছে, ‘পাকিস্তানের বড় শহরগুলিতে, বিশেষত ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো তুলনামূলক উন্নত। কিছু হলে সেখানে তুলনামূলক দ্রুত সাহায্য মিলতে পারে। কিন্তু অন্যত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়।’

ভারত-পাকিস্তান সীমান্ত প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত-পাকিস্তান সীমান্তের ধারে-কাছে কেউ যাবেন না। এই এলাকায় একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয়। নাগরিকদের জন্য ভারত এবং পাকিস্তানের একটিই সীমান্ত সংলগ্ন এলাকা খোলা। তা হল পাঞ্জাব প্রদেশের ওয়াঘা (পাকিস্তান) এবং আটারি (ভারত)। কিন্তু এই সীমান্তে যেতে চাইলেও আগে সেখানকার পরিস্থিতি যাচাই করে নিতে হবে।’

বিবৃতি বলা হয়েছে, ‘বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে কেউ কোনোভাবেই যাবেন না। এগুলি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি। একাধিক বার সাধারণ নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি আধিকারিকদের ওপর এখানে হামলা হয়েছে।’

উল্লেখ্য, মাঝেমধ্যেই বিভিন্ন দেশ সম্পর্কে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে থাকে আমেরিকা। ২০২৪ সালে ভারতের বেশ কিছু জায়গার নাম উল্লেখ করে একই ভাবে সতর্ক করা হয়েছিল। তালিকায় ছিল জম্মু ও কাশ্মীর এবং মণিপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত