মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯টি সংস্থার চাকরি হারানো হাজার হাজার ফেডারেল কর্মীকে পুনর্বহালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারকরা এ নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফেডারেল আমলাতন্ত্রকে সঙ্কুচিত করতে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প গণহারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে ও বাজেট কমানোর জন্য সরকারি সংস্থাগুলোকে বৃহস্পতিবারের মধ্যে মুখোমুখি হতে হবে।
ট্রাম্প প্রশাসন সরকারি এজেন্সিগুলিকে জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই করতে হবে এবং বাজেট কমাতে হবে। তার আগে আদালতের এ নির্দেশ এলো।
মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনেই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে।
মেরিল্যান্ডের জেলা বিচারক তার নির্দেশে বলেছেন, ১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি।
বাল্টিমোরের মার্কিন জেলা জজ জেমস ব্রেডার ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্যের সঙ্গে একমত হয়েছেন। ১৮টি সংস্থার শিক্ষানবিশদের গণহারে বরখাস্ত করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের ছাঁটাই করার নিয়ম লঙ্ঘন করেছে বলে মনে করছেন তিনি।
ব্রেডারের আদেশ যে-সব সংস্থার ওপর প্রযোজ্য তার মধ্যে রয়েছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। অন্যান্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে মার্কিন কৃষি, বাণিজ্য, শিক্ষা, শক্তি, স্বাস্থ্য ও মানবসেবা, হোমল্যান্ড সিকিউরিটি, হাউজিং এবং নগর উন্নয়ন, স্বরাষ্ট্র, শ্রম, পরিবহন, ট্রেজারি এবং ভেটেরান্স বিষয়ক বিভাগ।
ট্রাম্প প্রশাসনের দাবি, কর্মদক্ষতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে অনেকের চাকরি গেছে। তবে এই দাবিকে নাকচ করে দিয়ে ব্রেডার বলেছেন, প্রশাসনের এই কর্মকাণ্ড এক ধরনের এমন এক ধরনের ছাঁটাই কর্মসূচি যা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে আগে থেকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল।
