দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণ বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে না দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্র্তৃক বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙলা দেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল শনিবার এক বিবৃতিতে আইনি ব্যবস্থার কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগীদের নিরাপত্তার জোর দাবি জানায় ব্লাস্ট। একই সঙ্গে নারী নির্যাতন ঘটনা রোধ, নারীদের স্বাধীন চলাফেরা এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষার জাতীয় সংলাপ এবং উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
ব্লাস্টের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার ঘটনা উঠে এসেছে, যা সমাজে নারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি যেমন, চরিত্রহনন ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগীকে দোষারোপ) বন্ধ করা, পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিবৃতিতে বলা হয়, দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করা প্রয়োজন।
