ভয় নেই, অবসর ঘোষণা করছি না: বিরাট কোহলি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। ক্রিকেটাঙ্গনের বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলেন যে, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর ওয়ানডে থেকেও তিনি অবসর নেবেন। কিন্তু এমন কিছু হয়নি। ভারতের ব্যাটিং কিং আরও একবার নিশ্চিত করলেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না।

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাজে ফর্মে ছিলেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯০। ১২ বছর পর রাঞ্জি ট্রফিতে ফিরেও এক ইনিংসে ব্যাটিং করে তিনি আউট হয়ে যান ৬ রানে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে একটি সেঞ্চুরিসহ দুটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন এই ব্যাটিং লিজেন্ড। তাই এখনই খেলা ছাড়ার কোনো ইচ্ছা নেই তার।

গতকাল শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ভয় পাবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি। আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত