চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৮ পিএম

বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার মিঠুন (২০) ও লিংকন (২৩) নামে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  
 

রবিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিক মো. হাসানকে আটক করেছে পুলিশ।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে প্রচণ্ড রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর দোকান মালিক হাসান পেছনে ঘুরে ঘুরে তার পায়ে লোহার রড দিয়ে আঘাত করছেন। অপর যুবককে মারধর করে পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে।  

ভিডিওতে আরও দেখা যায়, দোকান মালিক হাসানের সঙ্গে এক নারী ও স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি দুই যুবককে নির্যাতনে সহযোগিতা করছেন। আশপাশের উৎসুক জনতা দাঁড়িয়ে এ ঘটনা দেখছিল।  

জানা গেছে, শনিবার (১৬ মার্চ) রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশে সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। সকালে দোকান মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন হাসান ও স্থানীয় কয়েকজন।  

ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘চুরি করা যেমন অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়াও একটি অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত