গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস রাজধানীবাসীর 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ও ধোঁয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। অবশেষে গত কয়েকদিনের চৈত্রের গরমে রাজধানীবাসী দেখা পেল স্বস্তির বৃষ্টির। সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ৫ মিনিটের জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এর আগে দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। ঢাকা শহরের চারপাশের সব জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দুপুর আড়াইটার পর থেকে রাত ৮টার মধ্যে। বৃষ্টি রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিক থেকে আসছে, ফলে ঢাকা শহরের উত্তর দিকের অংশে শুরুতে ও দক্ষিণ দিকের অংশে পরে বৃষ্টি হতে পারে। একই কথা প্রযোজ্য ঢাকার আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে।

এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
আবাহওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত