বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:১৫ এএম

সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের মৃত তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভার পৌর ঊডগরমোরা মহল্লায় ভাড়া থাকতেন এবং ঢাকা ডাইং নামের একটি কারখানায় রংয়ের কাজ করতেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহতের বন্ধু শফিক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে ৬-৭ জন মিলে সাগরকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের বন্ধু মাহিদুল হাসান সিফাত বলেন, ‘রাতে ডগরমোড়া এলাকা থেকে কয়েকজন মিলে সাগরকে ধাওয়া করে। সিআরপি তিনরাস্তা মোড়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’ 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘রাত ১১টা ৪৫ মিনিটে রক্তাক্ত অবস্থায় সাগরকে হাসপাতালে আনা হয়। তিনি অচেতন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার উরু ও বাম পায়ের হাঁটুর ওপরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, সফিক নামে তার এক বন্ধুর সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। সেই জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। খুব শিগগির হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত