বাংলাদেশে পা রেখেই ক্রীড়াপ্রেমীদের অভূতপূর্ব ভালোবাসায় স্নানঘাট গ্রামে ফিরেছেন হামজা চৌধুরী। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি পর্যন্ত রাস্তায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুই দিন পার হয়ে গেলেও কমেনি সেই উন্মাদনা। দেশের ফুটবলে নতুন আলো ছড়ানো এই ফুটবলারকে এবার স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামজাকে উদ্দেশ করে মাশরাফী লেখেন, "বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন সেই দিনগুলোই ফিরে এসেছে।"
হামজার আগমনকে দেশের ফুটবলের জন্য বড় প্রাপ্তি মনে করছেন মাশরাফী। তিনি লিখেছেন, "ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে—এটা সত্যিই গর্বের ব্যাপার।"
তবে হামজার কাছে আকাশছোঁয়া প্রত্যাশা নেই মাশরাফীর, বরং তিনি চান, এই তারকার উপস্থিতিতে বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হোক। তিনি আরও লেখেন, "আপনি এসেই রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন প্রত্যাশা নেই। তবে আশা করি, আপনার ছোঁয়ায় ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে। শিশুরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে।"
ফেসবুক পোস্টের শেষে মাশরাফী ধন্যবাদ জানিয়েছেন দেশের ফুটবলকে সমৃদ্ধ করা জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ অন্যান্য প্রবাসী ফুটবলারদেরও। তিনি লিখেছেন, "ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলোর জন্য শুভকামনা হামজা, শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।"
হামজা চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশের ফুটবলে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, মাশরাফীর কথায় সেই স্বপ্নেরই প্রতিধ্বনি মিলেছে। এখন দেখার অপেক্ষা, লাল-সবুজের জার্সিতে তিনি মাঠে কতটা প্রভাব রাখতে পারেন।
বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকতে যে বিশেষ খাবার খাচ্ছেন রোনালদো
ডি মারিয়াকে দলে টানতে চায় মেক্সিকান ক্লাব আমেরিকা