‘ভুয়া’ সন্দেহে আসল পুলিশ আটক, মোটরসাইকেল ভাঙচুর

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধরতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের ‘ভুয়া পুলিশ’ সন্দেহে ঘরের ভিতরে আটকে রেখে মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ ঘটনায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া শোভাপুর মহল্লায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধরতে পুলিশ রাজফুলবাড়িয়া শোভাপুর মহল্লায় যায়। কিন্তু সেখানে আসামি না পাওয়ায় ফিরে আসার সময় স্থানীয়রা পুলিশ সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। পরে ট্যানারি ফাঁড়ি ও সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।  

পুলিশের কাছে আটক নাসির উদ্দিনের ছেলে নাহিদ হোসেন জানান, তাদের এলাকায় কয়েক দিন পর পর পুলিশ পরিচয়ে লোক আসে এবং ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বলে ভাড়াটিয়াদের কাছ থেকে টাকা দাবি করে। এর আগেও একবার পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি সাদা পোশাকে এসে এক ভাড়াটিয়াকে আটক করে ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পরে ভাড়াটিয়ারা বিষয়টি তাদের জানায় এবং বাড়ি ছেড়ে চলে যেতে চায়।  

নাহিদ আরও বলেন, মঙ্গলবার পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি আবার এলাকায় আসলে ভাড়াটিয়ারা তাদের জানায়। তখন তারা পুলিশ সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ট্যানারি ফাঁড়ির পুলিশকে খবর দেয়।  

অবরুদ্ধ থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি সাভারে অবস্থান করছে। পরে তথ্য অনুযায়ী গিয়ে দেখি সেখানে ওই মামলার আসামি কেউ নেই। এরপরে আমরা ফিরে আসার সময় স্থানীয়রা আমাদেরকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে ট্যানারি ফাঁড়ি ও সাভার থানা পুলিশকে বিষয়টি জানালে দুই গাড়ি পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে। পরে আমরা কক্ষ থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলের কিছু অংশ ভাঙচুর করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘পুলিশ সদস্যদের আটকে রাখার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত