যুক্তরাষ্ট্রে গোলাপের শত কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ, ৯ ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন জানান, আসামি আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা, ওসিসিআরপির প্রতিবেদন অনুযায়ী, এর পরিমাণ ৪০ লাখ মার্কিন ডলার। স্থাবর-অস্থাবর সম্পদ এবং পারিবারিক ব্যয়সহ তিনি সর্বমোট ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এর বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় এক কোটি ৪৪ লাখ তিন হাজার ৬২৯ টাকা। অর্থাৎ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা।

জ্ঞাত আয়বহির্ভূত এই সম্পদের মালিকানা অর্জনপূর্বক ও তা দখলে রাখা এবং ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় গোলাপের নামে একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত