প্রতিটি ধর্ষণের বিচার দ্রুততম সময়ে করতে হবে: নাহিদ ইসলাম

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই ধর্ষণের বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। এই নৃশংস ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ষণের শিকার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের কন্যা ও তার পরিবারের খোঁজ নিতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।

এ ঘটনায় একজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তবে প্রধান অভিযুক্ত এখনো পলাতক। নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকেও গ্রেপ্তার করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর দুমকীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তির কিশোরী মেয়েকে (১৭) রাস্তা থেকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর কিশোরীটি তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। পুলিশ সাকিবকে গ্রেপ্তার করলেও সিফাত এখনো পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত