ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

গুলশানে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী খুন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:১৭ এএম

রাজধানীর গুলশান থানাধীন পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৩) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী  নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান ১ এ শুটিং ক্লাবের সামনে রাস্তার উপর সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছে গুলশান থানা পুলিশ।

সুমনকে গুলি করা দুর্বৃত্তের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুমনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

জানা গেছে, নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাজধানীর মহাখালী এলাকায় একসময় ইন্টারনেট সংযোগের বড় ব্যবসায়ী ছিলেন সুমন। পরে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা হারান। স্থানীয় বিরোধী পক্ষের হুমকিতে ব্যবসা ছাড়তে বাধ্য হন সুমন। তার পরও শেষ রক্ষা হলোনা। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তাকে।  

সুমনের স্ত্রী মৌসুমী  বলেন, ‘সুমন ইন্টারনেটের ব্যবসা করত। মহাখালী এলাকায় লাইন সংযোগ দিত। স্থানীয় বিরোধী পক্ষ সেখান থেকে অনেক হয়রানি করে সুমনকে বের করে দিয়েছে। সব লাইনও কেটে দিয়েছে।’ 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। কারা কেন গুলি করেছে, কতজন ছিল তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত