শৈশবের স্মৃতি থেকে নায়কোচিত প্রত্যাবর্তন ইনস্টাগ্রামে শেয়ার করলেন হামজা

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম

নিজের শিকড়ে ফিরে আসার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলেন হামজা চৌধুরী। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার পর ইনস্টাগ্রামে শেয়ার করলেন শৈশবের কিছু ছবি—যেখানে ধরা পড়েছে তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, বাংলাদেশের গ্রামীণ পরিবেশের ছোঁয়া এবং ছোটবেলার কিছু মিষ্টি স্মৃতি। এরপরই ক্যামেরা ঘুরে যায় বর্তমানের দিকে—যেখানে হাজারো সমর্থকের উচ্ছ্বাসে ভাসছেন তিনি, যেন বহুদিন পর ফিরে আসা এক রাজপুত্র!

লেস্টার সিটির এই মিডফিল্ডার, যিনি বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে, মঙ্গলবার ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক করতে পারেন। তার আগেই দেশের মাটিতে পা রাখার মুহূর্তটা হয়ে উঠল এক অভূতপূর্ব স্মৃতি।

মায়ের কোলে হামজা চৌধুরী।

বিমানবন্দরে নামার পরই হাজারো সমর্থক ভিড় জমায় তাকে স্বাগত জানাতে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিল জনতার ঢল, হাতে ব্যানার, মুখে স্লোগান, আর আকাশে উড়ছিল ফ্লেয়ার। গাড়িবহর নিয়ে যখন তিনি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন, তখন পথে ভক্তদের উচ্ছ্বাসে মুহূর্তগুলো হয়ে ওঠে সিনেমার দৃশ্যের মতো। মঞ্চে উঠে সংবর্ধনা গ্রহণের সময় কমলা কনফেটির ঝড়ে সিক্ত হলেন তিনি, আর সমর্থকদের হাততালিতে গর্জে উঠল পুরো আয়োজনস্থল।

নানীর সঙ্গে হামজা চৌধুরী।

ভিডিওতে হামজা তার অনুভূতি প্রকাশ করেন আবেগঘনভাবে। ইনস্টাগ্রামের ক্যাপশনে তিনি লিখেছেন, "এক অবিশ্বাস্য স্বাগত... স্বপ্নের মতো লাগছে। পরবর্তী গন্তব্য, ঢাকা!" ব্যাকগ্রাউন্ডে বাজছিল টু বিল্ড অ্যা হোম গান, যা মুহূর্তটাকে আরও আবেগঘন করে তুলেছিল।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্মালেও বেড়ে উঠেছেন বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়ায়। তার মা ও সৎবাবার কাছে ছোটবেলা থেকেই বাংলার শিক্ষা পেয়েছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেললেও সিনিয়র পর্যায়ে ইংল্যান্ড দলে জায়গা না পাওয়ায় নিজের মূল শেকড়ে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

বাবার কোলে হামজা।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণের পর, ডিসেম্বরে ফিফা তার জাতীয়তা পরিবর্তনের অনুমোদন দেয়। এরপরই বাংলাদেশের জাতীয় দলে ডাক পান এই মিডফিল্ডার।

IMG_20250321_165842

এক সাক্ষাৎকারে হামজা বলেন, 'বাংলাদেশ আমাকে শিখিয়েছে কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করতে হয়, কীভাবে সবাইকে সমান চোখে দেখতে হয়। ইংল্যান্ড আমার বাড়ি ঠিকই, কিন্তু বাংলাদেশও আমার বাড়ি। দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের।'

শৈশবের হামজা।

বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া হামজার সামনে এখন বড় স্বপ্ন—দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া। সমর্থকদের ভালোবাসা ও আবেগই বলে দিচ্ছে, বাংলাদেশ পেয়েছে তাদের কাঙ্ক্ষিত নেতা। এখন অপেক্ষা মাঠের পারফরম্যান্স দেখার!

ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত