‘আ. লীগ সুই হয়ে ঢুকবে, বন্দুক হয়ে বের হবে’

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম

বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগকে দলে জায়গা দেবেন না। ঢুকবে সুই হইয়া, বের হবে বন্দুক হয়ে। দুই চার জনের জন্য সবাই কিংবা দলের বদনাম হয়। অনেক সময় আপনারা দেখেও না দেখার ভান করেন। সে বেয়াদব তার সঙ্গে কথা বললে উল্টো নিজের মানসম্মান থাকবে না। কিন্তু একটা বেয়াদবের জন্য আমাদের সবার বদনাম হচ্ছে। তাদেরকে প্রতিরোধ করবেন। দয়া করে এমন কোনো কাজে নিজেও সম্পৃক্ত হবেন না, অন্যকেও হতে দেবেন না। 

শুক্রবার (২১ মার্চ) বিকালে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা তলাগ্রাম হাইস্কুলের অডিটোরিয়াম ভবনে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাকারিয়া তাহের সুমন বলেন, এখনো ক্ষমতায় আসেননি, কিসের ক্ষমতা দেখান। মানুষের মন জয় করেন। মানুষের পাশে থাকেন। তাহলে মানুষ আপনাদের পাশে থাকবে। 

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিকের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির পাটোয়ারী সঞ্চলনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক। অনুষ্ঠানের শেষে তলাগ্রাম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রাজিব দত্তের সৌজন্যে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। বৃক্ষরোপণ শেষে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত