খুলনায় সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ ও গুলির মহড়া, গ্রেপ্তার ১

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

খুলনা মহানগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকাগুলি ছুড়ে উল্লাস করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা। যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলির খোসাগুলো তুলে নিয়ে যায়। অবশ্য পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে, নগরীর খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হাসান হাওলাদার নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার কেএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, পুলিশের একটি দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত