চৌদ্দগ্রাম

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ছেরু মিয়া (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের চৌধুরী বাড়িতে। আটক ছেরু মিয়া একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শনিবার (২২ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী মো. সাইফুল ইসলামের সঙ্গে ১ বছর আগে মোবাইল ফোনে বিয়ে হয় ভুক্তভোগীর। স্বামী না আসলেও বিয়ের কিছুদিন পর নাদিয়ার শ্বশুর ছেরু মিয়া পুত্রবধূকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন সময় ভুক্তভোগীকে কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কথাবার্তা এবং নানান কুপ্রস্তাব দিত অভিযুক্ত ছেরু মিয়া। শ্বশুরের এমন কাজে ভুক্তভোগী আত্মীয়-স্বজনকে জানালে শালিসে ক্ষমা চান ছেরু মিয়া।

চার মাস আগে ভুক্তভোগীর স্বামী সাইফুল প্রবাস থেকে বাড়িতে আসে। গত মঙ্গলবার (১৮ মার্চ) অসুস্থতা বোধ করায় ভুক্তভোগীকে তার স্বামী একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় ধরা পড়ে ভুক্তভোগী ৭ মাসের অন্তঃসত্ত্বা।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী জানান তার শ্বশুর একাধিকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পারিবারিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত ছেরু মিয়াকে গ্রেপ্তার করে। 

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৃহবধূর শ্বশুর ছেরু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। পুনরায় মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত