ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে সাভারের বিকেএসপিতে আজ হৃদ্রোগে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বিকেএসপির অদূরে কাশিমপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং তামিমের হৃদয়ে একটি রিং পরানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অনেকে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ দলের সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছে, ‘দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’
শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।’
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, ‘ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।’
জাতীয় দলের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘হৃদ্রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’
জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তার সঙ্গে থাকেন।’
ভারতের বিপক্ষে জিততে মুখিয়ে জামাল ভূঁইয়া
তামিমের হার্টে রিং প্রতিস্থাপন, অবস্থার উন্নতি