জুলাই-আগস্ট গণহত্যা

ট্রাইব্যুনাল সম্পৃক্ত কোনো মহল পরোয়ানার তথ্য ফাঁস করছে: চিফ প্রসিকিউটর

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের গ্রেপ্তারে পরোয়ানার তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটি মহল তা ফাঁস করে দিচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। 

এ সংক্রান্তে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এ বিষয়টাকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সম্ভবত এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো একটা মহল এর সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে, অফিসেও থাকতে পারে। আমরা বিষয়টাকে গভীর উদ্বেগের সঙ্গে বিশ্লেষণ করছি। তথ্য প্রমাণাদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশন অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা-কর্মচারী, যারাই হোক, যারা এ ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িত হবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।’ 

তিনি বলেন, ‘আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সঙ্গেই এটা নিয়েছি। এটাকে নিশ্চিদ্র করার জন্য প্রয়োজনীয় তদন্তকাজ চালাচ্ছি। আমরা এটার জন্য দায়ী যাকে পাব, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রতিবেদনের ওপর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কমান্ড রেসপনসিবিলিটির মামলায় সবচেয়ে বেশি ডকুমেন্ট জড়িত। 

তিনি বলেন, ‘সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি, ঈদের পর সেটাও চলে আসবে। কারণ শেখ হাসিনার কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণ করার জন্য সব মামলার সারসংক্ষেপ এখানে চলে আসবে। এটা অনেক বড় মামলা। সে জন্য একটু বেশি সময় লাগছে। আশা করছি ঈদের পরপর চলে আসবে।’ 

চানখাঁরপুলের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এসেছে বলে গতকাল জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, চানখাঁরপুলের ঘটনায় মামলার খসড়া তদন্ত প্রতিবেদন চলে এসেছে। ঈদের পর এটারও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রসঙ্গত এ নিয়ে জুলাই- আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দুটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন শাখায় জমা হলো।

এদিকে গণঅভ্যূত্থানের সময় সাভারের আশুলিয়ায় গুলি করে কয়েকজনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। আর কয়েক দিন সময় লাগবে। আদালত ২৮ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু প্রতিবেদন ইতোমধ্যে প্রস্তত হয়ে গেছে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। আশা করছি, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগের মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারকাজটা শুরু করা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত