এবার এমপি পদে বিজয়ী ঘোষণার দাবি হিরো আলমের

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

এ রায়ের পর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৩টি আসনে এমপি পদে তাকে বিজয়ী ঘোষণা করতে আদালতের কাছে দাবি জানিয়েছেন। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি জানান।

স্ট্যাটাসে হিরো আলম বলেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

হিরো আলমের এই স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই হিরো আলমের কথায় একমত পোষণ করে তাকে এমপি পদে নির্বাচিত ঘোষণার দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?’

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

এছাড়া, বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জামানত হারিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এই উপ-নির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে পাঁচ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত