ভারতে পাচারের সময় তিন কেজি ওজনের প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।
এসময় আফসার আলী (২৮) নামে একজনকে আটক করে বিজিবি। আটক আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয় এলাকায় অবস্থান গ্রহণ করেন বিজিবি সদস্যরা। এসময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটক আফসার আলীর দেহ তল্লাশি করে কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা (৩ কেজি ০৬ গ্রাম) উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা। আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
