হিলি স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:৪২ এএম

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার থেকে টানা ৯ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ছাড়া বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল (আজ) বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৮ দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিঠির মাধ্যমে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল রবিবার থেকে পুনরায় দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটি ছাড়া হিলি স্থলবন্দরের অভ্যন্তরের সব ধরনের কার্যক্রম ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরে আটকে থাকা তাদের পণ্য শুল্ক পরিশোধ সাপেক্ষে ছাড়করণ নিতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারে কোনো বাধা নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা দুদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত