যমুনার তীরে বারুণীর স্নানে পুণ্যার্থীদের ঢল

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:৩৭ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা ঘাটে যমুনা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বারুণী স্নানের মাধ্যমে পাপমোচনের বিশ্বাসকে ধারণ করে হাজার-হাজার হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী এ স্নানে অংশ নেয়। গত ২০০ বছর ধরে এই বারুণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশের দেশ ভারতের কলকাতার পাশাপাশি মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন এই মহাবারুণী গঙ্গাস্নানে।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও বৃহস্পতিবার ভোর থেকে যথাযথ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাজার হাজার পুণ্যার্থী এই মহাবারুণী স্নানোৎসবে অংশ নেন। এই স্নানোৎসবকে ঘিরে আরিচা ঘাটে গতকাল থেকে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ঐতিহ্যবাহী স্নান ও বারুণীর মেলার নিরাপত্তায় প্রশাসনের নজরদারি রয়েছে। মেলায় আসা সব দোকানিদের খাজনা মওকুফ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত