টাঙ্গাইলে ১৪ কি‌লো‌মিটার সড়‌কে যানজট

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৯:৪৪ এএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যমুনা সেতুর উপর দুর্ঘটনা, গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে এই যানজটের সৃষ্টি হয়, যার ফলে মহাসড়কের রসুলপুর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যানজট ও ধীরগতি চলতে থাকে।

এদিকে, যানজট পরিস্থিতি সামাল দিতে রাত ১২টা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে সেতু কর্তৃপক্ষ একযোগে ১৮টি বুথে টোল আদায় করে এবং উত্তরগামী যানবাহন পারাপার করছে। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর উপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুইটি গাড়ি বিকল হয়ে পড়ে। এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ রাত ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হয়। 

পুলিশ জানিয়েছে, সেতুর উপর দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট নিরসন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এতে মোট ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, রাত এবং সকালে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত