গোর-এ-শহীদে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এর মধ্যে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত, যেখানে প্রায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদের জামাতটি সকাল ৯টায় শুরু হয়, এবং এতে অংশ নিতে দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার মুসল্লিরা এসে উপস্থিত হন। জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।

বৃহৎ এ জামাতকে কেন্দ্র করে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। সিসিটিভি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি এবং র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠের চারপাশে তৎপর ছিলেন।

ঈদ জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর পৌর প্রশাসক বিয়াজুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ, এবং জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

নীলফামারী থেকে আসা মুসল্লি তামিরুল হক বলেন, ‘এত বেশি মুসল্লির সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করা আমার জন্য গর্বের বিষয়।’

ঠাকুরগাঁও জেলা থেকে আসা ডা. জাকির হোসেন জানান, ‘এটি ছিল দীর্ঘদিনের ইচ্ছে, আল্লাহর রহমতে একসঙ্গে লাখ মুসল্লির সাথে ঈদের নামাজ আদায় করতে পারলাম। আল্লাহ আমাদের রোজা ও নামাজ কবুল করুন।’

এ বিষয়ে গোর-এ-শহীদ বড় ময়দানের ইমাম মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘আল্লাহর রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে আমরা দেশের শান্তি, ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া, এবং ৭১ ও ২৪ সালের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছি।’

জেলা প্রশাসক রফিকুল ইসলাম এদিনের জামাতের সফল আয়োজন সম্পর্কে বলেন, ‘ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে সুন্দরভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে জামাতটি আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য, গোর-এ-শহীদ বড় ময়দানে নির্মিত ঈদগাহ মাঠটি প্রায় দেড় বছর ধরে প্রস্তুতি নিয়ে উদ্বোধন হয়। মাঠে ৫২টি গম্বুজ, দুটি মিনারসহ আধুনিক স্থাপত্যের নান্দনিক ডিজাইন দৃষ্টি আকর্ষণ করে। এ মাঠের নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে এবং তা ২০১৬ সালে নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়।

আগে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হত, কিন্তু বর্তমানে দিনাজপুরের ৫২ গম্বুজের ঈদগাহ মাঠে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত