ভারতের ঝাড়খণ্ডে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়াগামী একটি পণ্যবাহী ট্রেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দাঁড়িয়ে থাকা আরেকটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রেন দুটির ইঞ্জিন ভেঙে যায় এবং আগুন ধরে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই ট্রেনচালক প্রাণ হারান এবং আহত চারজন রেলকর্মীকে নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং লাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পুনরুদ্ধারে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। রেল বিভাগ ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে দুটি ট্রেন একই লাইনে চলে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে, ভারতীয় রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের সরাসরি কোনো সম্পর্ক নেই। সংশ্লিষ্ট ট্র্যাকটি ঝাড়খণ্ডের কাহালগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সংযোগকারী, যা সম্পূর্ণভাবে এনটিপিসি-র মালিকানাধীন এবং পরিচালিত। এটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত এবং এর পরিচালনায় ভারতীয় রেলওয়ের কোনো ভূমিকা নেই।
এদিকে, উদ্ধারকাজে এনটিপিসি মালদা বিভাগের সহায়তা চাওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মালদা বিভাগ থেকে ১৪০ টন ওজনের একটি ক্রেন পাঠানো হয়েছে। ভারতীয় রেলওয়ে এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।
জুলাই কন্যাদের সম্মানজনক পুরস্কার নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
সড়কে বেড়েছে যানচলাচল, ঈদে পরিবার নিয়ে মনের আনন্দে ঘুরছে মানুষ