যশোর

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি নম্বর বিহীন কালো রঙের মোটরসাইকেলযোগে রাসেল এবং জাহিদ নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর শুনে হাইওয়ে থানা ও শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

 

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত