কৃষকের হাত-পা বেঁধে ১১ গরু চুরি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম

সিরাজগঞ্জের চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর বেড়িবাঁধের পূর্ব পাশের গাবেরপাড়া যমুনা নদীর চর থেকে ১১ টি গরু চুরি হয়েছে। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে ১১টি গরু চুরি করে নিয়ে যায়।

কৃষক আলমগীর হোসেন বলেন, আমি রাতে বাহিরে বসে মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে দেখতে প্রায় রাত ৩টা বেজে যায় তখন আমি ঘুমানোর জন্য ঘরে যাচ্ছিলাম এমন সময় হটাৎ করে পেছন থেকে ৮-১০ জন লোক আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে‌। তখন আমার স্ত্রী বের হলে তারও হাত-পা বেঁধে গোয়াল ঘরে থাকা মোট ১৫টি গরুর মধ্যে ছোট ৩ টি বাছুর রেখে ১১ টি গরু নিয়ে যায়। ৩টি বড় ষাঁড় গরু, ৩টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪টি গাভীসহ মোট ১১ টি গরু নিয়ে যায় । গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা হবে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, ঘটনাটি সত্য আমরা খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে স্ত্রী নিয়ে থাকেন। আশেপাশে কোন ঘর-বাড়ি নেই। এমন একটি ফাঁকা চরে গরু বাছুর নিয়ে একা থাকা ঠিক হয়নি। কৃষক আলমগীর গরু চুরির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা করেনি ।

তিনি আরও বলেন, আমরা চৌহালী ও টাঙ্গাইলসহ আশেপাশের সমস্ত থানার ওসিদের সাথে‌ কথা বলেছি। আমরা প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত