টিউশন শেষে বাসায় ফেরার সময় অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৪ এএম

রাজধানীর মুগদা মানিকনগর

এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদার ওয়াসা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমির প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমি আক্তার পেশায় একজন টিউটর ছিলেন। তিনি বিভিন্ন বাসায় গিয়ে শিক্ষার্থীদের পড়াতেন। মানিকনগরের ভুসা রোডে স্বামী মাহফুজ রহমানের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাতে টিউশন শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয় সুমিকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে সুমির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত