ভাইরাল মিনি জাফলংয়ে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে সাদাত হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। নিহত সাদাত হোসেন পল্লী উন্নয়ন একাডেমী ল্যা. ¯কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদাত ঈদের ছুটিতে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।  শুক্রবার সকালে নানা ও মামার সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে নেমে অন্যান্য শিশুদের সাথে আনন্দ করছিল। বাঙালি নদীর এই অংশেই বালু তোলার কারণে কিছু অংশ গভীর ছিল। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদাতকে মৃত ঘোষণা করেন।

ঊল্লেখ্য ঈদের দুই-একদিন আগে থেকেই বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশকে ‘নতুন জাফলং’ বলে ফেসবুকে সস্তা ভাইরাল করা হয়। ঈদের ছুটিতে দেশের নানা প্রান্তের মানুষ সেখানে ভিড় করতে থাকে। স্থানীয় এক কেমিক্যাল কারখানার বর্জ্য এ নদীতে ফেলায় এবং শহরের পয়ঃবর্জ্য এসে পানিতে মেশায় গত কয়েকদিন ধরে এখানে বেড়াতে এসে যারা গোসল করেছেন তাদের শরীরে এলার্জি ও চুলকানির কথা জানিয়ে আসছিলেন স্থানীয়রা। পাশাপাশি এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কিত ছিলেন স্থানীয় সচেতন মহল। অথচ এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা ছিল নিরব দর্শকের মত।

স্থানীয় সচেতন মহল মনে করেন ফেসবুকে ইনকামের আশায় ভাইরাল করা যেকোন কিছুতে এতটা আগ্রহ না দেখালে আজ শিশুটির এ পরিণতি হতো না। তাছাড়া হুজুগে সন্তানরা যেন গা না ভাসায় এ ব্যাপারে অভিভাবকদেরকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত