মানিকগঞ্জে রাস্তার পাশে পড়েছিল কার্টনবন্দি নারীর লাশ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টনবন্দি অজ্ঞাত এক মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতের কোন এক সময় কার্টনে মোড়ানো লাশটি রেখে যায় অজ্ঞাতরা। 

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী এরপর পুলিশের খবর দিলে বেলা ২ টার দিকে এই কার্টনবন্দি লাশটি উদ্ধার করা হয়।

পুটাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনের বক্সটি বাঁশের ঝারে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে কার্টন খুলে মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করে।

গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টনটি উপরে তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টন খুলে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পায়।

এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত