৯৩১তম গোলের রাতে প্রথমবার আল হিলাল জয় রোনালদোর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৮ এএম

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। আর এই ম্যাচে জোড়া গোল করে যেন একরকম ‘অভিশাপ’ই ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন আরেকটি ইতিহাসের প্রান্তসীমা— ১ হাজার গোলের স্বপ্ন এখন আগের চেয়ে আরও কাছাকাছি।

শুক্রবার রাতে আল হিলালের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৩১-এ। জীবনের ১,২৭২টি ম্যাচে এই গোল। তার মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, জুভেন্টাসে ১০১, পর্তুগাল জাতীয় দলে ১৩৬, আল নাসরে ৯৪, স্পোর্টিং লিসবনে ৫টি গোল করেন এই পর্তুগিজ মহাতারকা।

এই জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ পর আল হিলালের বিপক্ষে প্রথমবারের মতো অফিসিয়াল ম্যাচ জিতল আল নাসর। আগের একমাত্র জয়টি এসেছিল আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে, যা ফিফার স্বীকৃত নয়। ফলে রোনালদোর জন্য এটি ছিল এক দারুণ রকমের স্বস্তির রাত।

প্রথমার্ধের যোগ করা সময়ে মিডফিল্ডার আলি আল হাসানের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় আল নাসর। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রোজোভিচ ও সাদিও মানের সঙ্গে চমৎকার সমন্বয়ে গোল করেন রোনালদো। ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।

আল হিলালের বিপক্ষে এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, বরং সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে টিকে থাকার মতো এক মানসিক জোরও এনে দিয়েছে আল নাসরকে।

চলতি লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ২১, যা আল শাবাবের হামদাল্লাহর চেয়ে ৪টি বেশি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোলসংখ্যা ৩০— লিগে ২১, এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ৭, সৌদি সুপার কাপে ২।

রোনালদো এখন মেসির চেয়ে ৭৭ গোল এগিয়ে আছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে। মেসির মোট গোল সংখ্যা ৮৫৪, ম্যাচ ১,০৮৯টি। ইন্টার মায়ামিতে ৩৯, বার্সেলোনায় ৬৭২, পিএসজিতে ৩২ এবং আর্জেন্টিনা জাতীয় দলে করেছেন ১১১ গোল।

বর্তমানে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আল নাসর। তাদের সামনে আরও আটটি ম্যাচ বাকি। পাশাপাশি রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্ব।

২৬ এপ্রিল তারা খেলবে জাপানের ইয়োকোহামা মারিনোসের বিপক্ষে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ জাপানের কাওয়াসাকি ফ্রন্টালে কিংবা কাতারের আল সাদ। ফাইনাল ৩ মে, যেখানে এক ম্যাচেই নির্ধারণ হবে শিরোপা। ১৯৯৫ সালের রানার্সআপ আল নাসর এখনো এই ট্রফির মুখ দেখেনি।

আর রোনালদো? তিনি যেন এগিয়ে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। অভিশাপ ভাঙলেন, ইতিহাসের অপেক্ষা এখন শুধু সময়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত