চীনের পাল্টা শুল্ক আরোপে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের বিরুদ্ধে চীন পাল্টা আঘাত হানার পর শেয়ারবাজারে অস্থিরতা আরও বেড়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান স্টক সূচকই ৫ শতাশের বেশি হ্রাস পেয়েছে।

বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ববাজারে এই তীব্র পতন দেখা দেয়। এর মধ্যে বেশিরভাগ অংশীদারদের ওপর বেঞ্চমার্ক ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল, ৬০টিরও বেশি দেশে নির্দিষ্ট শুল্ক ৫০ শতাংশের বেশি ছিল।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, শুক্রবারের পতন ঘটে যখন চীন মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা করে, যা এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর এই ধরনের পরিস্থিতি দেখা যায়নি মার্কিন শেয়ার বাজারে। ওয়াল স্ট্রিটের অন্যতম প্রধান সূচক হলো এসঅ্যান্ডপি ৫০০। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ৬ শতাংশের বেশি কমেছে এই সূচকের পয়েন্ট। একই অবস্থা ন্যাসড্যাক এবং ডাও জোন্সের মতো এক্সচেঞ্জ সূচকগুলোর। 

ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে শুল্ক যুক্তরাষ্ট্রকে আরোপের পদক্ষেপ বাতিল করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ‘চীন দৃঢ়ভাবে নতুন শুল্ক আরোপের বিরোধিতা করছে এবং নিজের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে।’ পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির একদিন পরই মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল বেইজিং।
 
শুক্রবার (৪ এপ্রিল) এক ঘোষণায় দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং ১০ এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন শুল্ক।
 
চীন জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত মার্কিন বাজার ছাড়াও বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে চীনের পাল্টা শুল্ককে ‘ভুল পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘চীন ভুল খেলেছে, তারা আতঙ্কিত — এবং পরিণামের জন্য প্রস্তুত নয়!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত