মিয়ানমারে গত ২৮ মার্চ সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে দেশটিতে অবস্থান করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।
আজ সরকারি কিছু অফিসের বিল্ডিংয়ে ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি গতকাল এক হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞরা ১৫০ জন রোগীর চিকিৎসাসেবা দেন।
বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞরা দুজন ক্যানসার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। এ পর্যন্ত ২২৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজও বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে। আইএসপিআর
