মাদারগঞ্জ

আমানতের টাকা ফিরে পেতে ঝাড়ু মিছিল-সড়ক অবরোধ, বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির আমানতের টাকা ফিরে পেতে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও থানার প্রধান গেইটে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তবে সড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ফাতেমা বেগম (৬৫) নামে এক গ্রাহকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের ছোট ভাংবাড়ী এলাকার হাশেম আলীর স্ত্রী।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাজার হাজার গ্রাহকরা সমবেত হন। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাহকরা মাদারগঞ্জ মডেল থানার সামনে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এতে জেলা শহরের সাথে মাদারগঞ্জের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য ও যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেন প্রমুখ।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, ২৩টি ‘সমবায় সমিতিতে’ টাকা জমা করেছিলেন প্রায় ৩৫ হাজার গ্রাহক। প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ২০২২ সালের শেষের দিকে আত্মগোপনে চলে যান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় কয়েক গুণ বেশি মুনাফার লোভ দেখিয়েছিলেন তারা। এক থেকে দেড় হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন। আমানতের অর্থ ফেরতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তারা সেখানে বসে পড়েন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। থানা ও আদালতে একাধিক মামলা করেছেন। বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৩৫ হাজার গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমিতিগুলোর কাছে ছিল। 

সমাবেশে বক্তরা বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যূনতম সহযোগিতা করছে না। মনে হচ্ছে, সমিতিগুলোতে টাকা রাখাই ভুল হয়েছে গ্রাহকদের। টাকা ফেরত পেতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। থানার সামনে সড়কটিও তারা অবরোধ করেছেন। সড়কটি ছেড়ে দেওয়ার জন্যে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় কথা চলছে।

তিনি জানান, আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিতে থেকে বের হওয়ার সময় এক গ্রাহকের মৃত্যুর খবর পেয়েছি। তিনি বাড়িতেই মারা গেছেন। এ নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত