ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা। বিশ্বের সঙ্গে একাত্বতা প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) থেকে এ কর্মসূচি পালন করছে তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’—এমন নানা স্লোগান দিতে থাকেন। আমাদের সারাদেশে প্রতিনিধিদের তথ্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো।
বরিশাল
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, সিটি কলেজ মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নাটোর
নাটোরে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের কানাইখালি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট
গাজায় হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলাবাসী ও ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
পঞ্চগড়
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিএনপি, জামায়াত, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।
‘হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত’ এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল পুরো পঞ্চগড় শহর। ‘মার্চ ফর ফিলিস্তিন’ উপলক্ষে বিভিন্ন স্থানে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন।
যশোর
‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’-স্লোগানে স্লোগানে যশোর শহরের রাজপথ প্রকম্পিত করে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব শহীদ চত্বরে সমাবেশ করে 'যশোরের সর্বস্তরের ছাত্র-জনতা'। এই বিক্ষোভে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এমএম কলেজ, সিটি কলেজ, আল হেরা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিশাল এই মিছিলটি দড়াটানা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নাটোর
জেলার সিংড়া উপজেলায় ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মানিকগঞ্জ
সারাদেশের সঙ্গে একাত্বতা প্রকাশ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা। সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ শহরের খালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এসময় সড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ হাজারো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আখাউড়া
ইসরায়েলে গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র সমাজের নেতৃত্বে সোমবার বেলা ১১টায় আখাউড়া উপজেলা মডেল মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক বাজার হয়ে রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ করে। মিছিলে ছাত্র সমাজের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেয়। মিছিল থেকে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়ায় হয়।
গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। সকাল সাড়ে ১০টায় উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ডস্থ থানার নতুন গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এছাড়াও উপজেলা হোসেন্দী এর বাজার মসজিদ, বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়,ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়,ভবেরচর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার একাধিক স্থানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গজারিয়ার শান্তি প্রিয় সাধারণ মানুষ,তৌদিহী জনতা,আলেম ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নির্মম সামরিক অভিযান ও গণহত্যার প্রতিবাদে গোয়ালন্দে 'নো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ অংশে হাজারো শ্রমজীবী, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা হাতে প্ল্যাকার্ড ধরে , "ফিলিস্তিনের স্বাধীনতা চাই" ও "আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের পাশে দাঁড়াও" ইসরায়েলি সন্ত্রাস বন্ধ কর এর মতো স্লোগান লেখা পোস্টার বহন করেন।
নারায়ণগঞ্জ
গণহত্যা বন্ধ করার দাবিতে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করেছে ছাত্র জনতা। সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বিজয়স্তম্ভ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার ছাত্র-জনতা। দুপুর ১টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনরা এসে ছাত্র জনতাকে বুঝিয়ে সড়কের একপাশে যান চলাচল শুরু করে।
রূপগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-তৌহিদি জনতা। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার ভুলতা, মুড়াপাড়া, কাঞ্চন, পূর্বাচল ৩০০ ফিট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশে পরিণত হয়।
টাঙ্গাইল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
গাইবান্ধা
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে দুপুর ২টা পযর্ন্ত বিভিন্ন ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সদস্য ও স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীসহ প্রায় আট থেকে নয় হাজার মানুষ অংশ নেয়।
নোয়াখালী
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা।
এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
