‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পরে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিতের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কনসার্ট হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাজ্জাদ আলীর সঙ্গে ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এরপর ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল একযোগে চারটি ভেন্যুতে হওয়ার কথা বলেন।

তবে রাত ৯টায় ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম রনির সই করা বিজ্ঞপ্তিতে কনসার্ট সাময়িক স্থগিতের কথা বলা হয়েছে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরাইলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।
 
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত