নববর্ষকে সামনে রেখে এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাঙ্গণে আয়োজন করা হবে বৈশাখী মেলার। বাংলা ১৪৩২ সালের পহেলা বৈশাখে জবি আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলা, যেখানে থাকবে ৩০টি বর্ণিল স্টল, রঙিন শোভাযাত্রা আর শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস।
বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নববর্ষের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। স্টলের জন্য রেজিস্ট্রেশন চলবে ১০ এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছেমতো পণ্য বা খাবার বিক্রি করতে পারবে। বৈশাখী মেলা জবির এবারের নববর্ষের বিশেষ চমক।’
তাছাড়া নববর্ষের আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। গরু, গাড়ি, পাখি আর মুখোশের মিছিল নিয়ে রঙ ছড়াবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলপ্তগীন বলেন, ‘শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। শিক্ষার্থীরা দারুণ উদ্যম নিয়ে কাজ করছে। সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে।’
