বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলমকে ধানমণ্ডি এলাকায় কিশোর মো. শামীম হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক শাহীন মিয়া আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমণ্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে আন্দোলনে মো. শামীম অগ্নিসংযোগে দগ্ধ হন। ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গত ৩ অক্টোবর ভিকটিমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় এ মামলাটি করে। মোরশেদ আলম ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, পরবর্তীতে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
